‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, কৃষি সম্প্রসারণা কর্মকর্তা শাকিলা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক নাজেমুল হাসান নাজিম প্রমুখ।

আলোচনা সভায় দিবসের বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এবং খামারিদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মেহেদী হাসান।

আলোচনা শেষে প্রধান অতিথি প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।