নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে পত্নীতলা থানা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের বাসিন্দা এবং মো. ময়েন উদ্দিনের ছেলে।
আটকের পর তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।