প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও প্রাণিপ্রেমীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
দুই পর্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক অধ্যাপক ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈমুর ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।