আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা বিএনপি। তৃণমূল পর্যায়ে প্রার্থীদের রাজনৈতিক পরিচিতি, সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী নির্ধারণের উদ্যোগ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।
গত ১২ নভেম্বর ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সদস্য মো. মজিবর রহমানকে। সদস্য সচিব করা হয়েছে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীকে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান হেলাল, মো. কাজী জাহাঙ্গীর হোসেন ও মো. মাসুম শরিফ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) উপলক্ষে নলছিটি উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের দলীয় সমর্থন প্রদানের লক্ষ্যে প্রার্থীদের তথ্যাদি যাচাই-বাছাই করে দ্রুত জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রতিবেদন পাঠাতে এ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব আগ্রহী প্রার্থীকে গঠিত কমিটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপনের জন্যও বলা হয়েছে।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে প্রার্থী বাছাইয়ের জন্য এমন একটি যাচাই-বাছাই কমিটি গঠনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাঁদের মতে, প্রার্থী নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা প্রভাবের পরিবর্তে রাজনৈতিক ত্যাগ, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হলে প্রকৃত যোগ্য ও জনসমর্থনসম্পন্ন প্রার্থীদের সামনে আসার সুযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন এবং মনোনয়ন বা দলীয় সমর্থন নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষও অনেকাংশে কমতে পারে।
তাঁরা আরও মনে করেন, নলছিটিতে গঠিত এই কমিটির মতো স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাই প্রক্রিয়া ঝালকাঠি জেলার অন্যান্য উপজেলাতেও অনুসরণ করা হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে তুলনামূলক ভালো ফলাফল করতে পারবেন। পাশাপাশি তৃণমূলের মতামত ও প্রকৃত জনসমর্থনকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে ভালো ফলাফলের অন্যতম পূর্বশর্ত হচ্ছে যোগ্য, জনপ্রিয় ও জনসম্পৃক্ত প্রার্থী নির্বাচন। তাই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপির এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।