‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এই স্লোগানকে সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করেছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা।
সাংবাদিক সম্মেলনে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন আগামীকালের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।