সারাদেশে শেখ হাসিনার অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী বলেন, শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব ও সাংবাদিক মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই চত্বরে গিয়ে বেশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হয়।