সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অবৈধভাবে মজুত করে রাখা ৮০৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মৌতলা ইউনিয়নে মোজাম্মেল মেম্বারের বাড়ির পাশে অবস্থিত একটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। এ সময় কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে গোডাউন থেকে ইউরিয়া, ডিএপি, এসওপি ও অন্যান্য প্রকারের মোট ৮০৩ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান শেষে মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ করা সার ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।