খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান কাউসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কনিকা দেওয়ান এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে এর তাৎপর্য ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এই দিবসের তাৎপর্য অপরিসীম। নতুন প্রজন্মের সামনে ইতিহাসের সঠিক ও বাস্তবসম্মত দিকগুলো তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে দীঘিনালার এই বর্ণিল আয়োজনের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে।