খুলনা নগরীতে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
আড়ংঘাটা থানার পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় যুবকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর অমিত কুমার বর্মন বলেন, প্রথমে আমরা তার পরিচয় নিশ্চিত করতে না পেরে ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিমকে খবর দেই। পরবর্তীতে তার পকেট তল্লাশি করে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয়পত্র অনুযায়ী তিনি রাইহান। তিনি খুলনার বৈকালি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।