কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ সময় কটিয়াদী থেকে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকায় এবং পাকুন্দিয়ায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল এবং কটিয়াদী মডেল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। কটিয়াদী এলাকায় অভিযানের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। কটিয়াদীর ধুলদিয়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কয়েকজন ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে লগি-বৈঠাগুলো উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে কারা এর সঙ্গে জড়িত এবং কি উদ্দেশ্যে এসব সরঞ্জাম মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
জেলা পুলিশ বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।