বান্দরবানের লামা-চকোরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি মোড়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে গেছে। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির নম্বর ‘ঢাকা-মেট্রো-ন-২০-৩৭০০’।

কাভার্ডভ্যানের চালক লিয়াকত আলী জানান, সড়কের ওই ঝুঁকিপূর্ণ বাঁকটি অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানটির ক্ষতি হলেও তিনি নিজে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে খাদে পড়ে থাকা কাভার্ডভ্যান থেকে চালককে উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়েই লামা ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটি উদ্ধারে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের কাজ চলমান রয়েছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, লামা-চকোরিয়া সড়কের এই আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে প্রায়শই ছোট-বড় মারাত্মক দুর্ঘটনা ঘটছে। যাতায়াত নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে দ্রুত সড়কটির ভয়ানক বাঁকগুলো সরলীকরণ ও সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।