তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বিকাশে সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর)। তিন দিনব্যাপী এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিলে আগামী ৮ থেকে ১০ নভেম্বর এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার গ্রহণ ও ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য নির্বাচিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করা, তাদের ব্যবসায়িক উদ্যোগের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনতে বিশেষ অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।
উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বাছাই কার্যক্রমে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেবেন।
এ কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে থাকবেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলার বাছাই কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়ার পর বর্তমানে দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ চলছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের যথাযথভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিশেষ অর্থায়ন নিশ্চিত করা গেলে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ, স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে তরুণদের জন্য এবং দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।