মানিকগঞ্জের ঘিওরে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার বি এম খোরশেদকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
অভিযুক্ত ব্যক্তির নাম হায়াত আলী (৬০)। তিনি উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের মৃত পরশ আলীর ছেলে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন রাত ৯টার দিকে ঘিওর থানায় জিডি করেন বি এম খোরশেদ।
জিডি সূত্রে জানা যায়, স্থানীয় একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মাদকসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে সাংবাদিক খোরশেদের সঙ্গে হায়াত আলীর বিরোধের সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে তাঁকে নিয়ে অশালীন মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ।
ঘটনার দিন শ্রীবাড়ী পশ্চিমপাড়ার একটি ইটসলিং সড়কে খোরশেদকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন হায়াত আলী। একপর্যায়ে তাঁকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বি এম খোরশেদ যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ জেলা সিনিয়র স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি।
খোরশেদ জানান, মাদকবিরোধী আলোচনা ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মতবিরোধের জেরে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
অভিযুক্ত হায়াত আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, “অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”