রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়নে মরিয়ম নেছা বিবি চৌধুরানী ওয়াকফ্ এস্টেট ভাংনী জামে মসজিদের সম্পদ রক্ষা, আর্থিক লেনদেনের স্বচ্ছতা, সঠিক হিসাব প্রকাশ এবং উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ভাংনী জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মসজিদের সম্পদ রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মসজিদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি আল্লাহর ঘর এবং মুসল্লি ও এলাকাবাসীর আমানত। তাই মসজিদের সম্পদের সঠিক হিসাব প্রকাশ, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা জরুরি।
এ সময় মসজিদের সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ‘স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই’ স্লোগান দেওয়া হয়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মসজিদের সম্পদের সঠিক হিসাব প্রকাশ, অনিয়মের অভিযোগ তদন্ত এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।