আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেটে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুজ্জামান ছোট্টুর নির্বাচনী হ্যান্ড লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় মহিষকুড় মৎস্য সেটে এ নির্বাচনী প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ড লিফলেট বিতরণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীউলা ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুজ্জামান ছোট্টু।
নির্বাচনী প্রচারণাকালে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা শোনেন।
বিশেষ করে এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুজ্জামান ছোট্টু বলেন, “শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এলাকার সার্বিক উন্নয়ন অত্যন্ত জরুরি।
রাস্তাঘাটের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে।
একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, কৃষক দলের শ্রীউলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাগজি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, তাঁতি দলের সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বিএনপির কাউন্সিলর পুলিশ কমিটির সদস্য কবির হোসেন,
যুবনেতা দীন মোহাম্মদ, শামসুর রহমান, হাসান, মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, আবু তাহেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হ্যান্ড লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে মহিষকুড় মৎস্য সেটে আগত হাজারো সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন রফিকুজ্জামান ছোট্টু।
তিনি ব্যবসায়ী, মৎস্যজীবী ও স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তিনি সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মহিষকুড় মৎস্য সেটে অনুষ্ঠিত এ হ্যান্ড লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।