নেত্রকোনার ৫৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে। একদিকে শ্রেণিকক্ষে পাঠদান, অন্যদিকে প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাশাপাশি পর্যাপ্ত সহকারী শিক্ষকেরও সংকট রয়েছে। ফলে নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের দেখভাল এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন ও শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে এক শিক্ষার্থী জানায়, “আমাদের স্কুলে দ্রুত একজন প্রধান শিক্ষক আসা খুবই জরুরি। আমাদের ম্যাডামের ওপর অনেক চাপ থাকে। তাঁকে অনেক সমস্যা সামলাতে হয়।”
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শূন্য পদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব শূন্য পদ পূরণ করা সম্ভব হবে।
এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেন, “মিটিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানাব। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দ্রুত সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।”
সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা ব্যবস্থাপনায় যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, শূন্য পদগুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ ও পদায়ন করা হলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত শিক্ষকেরা প্রশাসনিক দায়িত্বের বাড়তি চাপ থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের পাঠদানে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।