রাজধানীর সায়দাবাদ থেকে উত্তরা মাসকট প্লাজা রুটে চলাচলকারী রাইদা পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়া অনুযায়ী এই রুটে ভাড়া হওয়ার কথা ৫৬ টাকা। দূরত্ব প্রায় ২০.৯ কিলোমিটার। কিন্তু যাত্রীদের অভিযোগ, রাইদা পরিবহনের হেলপার-কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত আদায় করছেন।
নিয়মিত যাতায়াতকারী এক যাত্রী বার্তা বিচিত্রাকে বলেন, "ভাড়া ৫৬ টাকা জানার পরেও ৮০ টাকা চাওয়া হয়। প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করা হয়। জুম্মার দিনেও একই অবস্থা।"
এ বিষয়ে ম্যানেজমেন্টের নজরদারির অভাবকেই দায়ী করছেন যাত্রীরা। তাদের দাবি, প্রতিটি বাসে ভাড়ার তালিকা টানানো এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
বিআরটিএ'র নিয়ম অনুযায়ী, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের দাবি, এই রুটে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হোক।