নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা (৪০) ও শাহিনুর শেখের বাড়িতে চলছে শোকের মাতম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর কালিয়া উপজেলার বড় কালিয়া ও মির্জাপুর গ্রামে নিহতদের বাড়িতে চলে স্বজনদের আহাজরী আর কান্নার শব্দ। নিহেতর মুখটা একবার দেখার জন্য পরিবারের লোকদের স্বান্তনা দিতে আসছে প্রতিবেশী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন। নড়াইল জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মরদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ কালিয়ায় পৌছেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে কালিয়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার বেন্দারচর এলাকায় পৌছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে সোহেল রানা ও শাহিনুর শেখের মৃত্যু হয়।
নিহতের সোহেল রানার পরিবারের সদস্যরা বলেন, লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও, তা না হলে ভিডিও কইরো না, ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত-পায়ের রগ কাটা,গলায় কাটা,মাথায় গুলি। আমার সোনার টুকরো ভাই। সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর কঠিন থেকে কঠিনতম বিচার চাই। আমার ভাইয়ের কি দোষ ছিলো যে তাকে মেরে ফেলতে হলো। আমাদের সব শেষ হয়ে গেলো। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, আমার মতো ভাই যেন কেউ না হারায়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে উদ্দেশ্য করে বলেন, ভাই এখন আপনি মন্ত্রী। আপনার সঙ্গে জেল খেটেছি। ভাই আপনি আমাদের ভুলে যাইয়েন না। এভাবেই আহাজারি করে ছোট ভাই সোহেল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন বড় ভাই।
অন্যদিকে মির্জাপুর গ্রামে শাহিনুরের স্ত্রী রিমা খাতুন বলেন, ১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব। নয় বছরের একমাত্র সন্তানকে নিয়ে কোথায় যাব ? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। সংসারে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিলো আমার স্বামী। শো-রুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেত। ঘটনা সবাই জানবে-শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে নে। আমার সন্তান বাপ হারাইছে। আমি ১০ বছরের সংসার হারাইছি। আমি এর সঠিক বিচার চাই। আমার এখন একটাই চাওয়া যে সবাই দেখুক যে বিচার হইছে, বিচার দেখলে আমার শান্তি লাগবে।
শাহিনুরের বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ওরা সন্ধ্যার সময় মোটরসাইকেল নিয়ে মিছিলে যায। নড়াইল-১ আসনের এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) কবিরুল হক মুক্তির বাড়ির কাছের একটা মোড়ে গিলি ওগের ওপর হামলা করিছে, মারিছে। আমার ছেলেই ছিলো আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি নিংস্ব হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেলো।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে আমরা নিহতদের পরিবার ও নিহতরে সহযোগীদের কাছ থেকে ঘটনার সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করেছি। হামলাকারী ও হত্যাকারীদের গ্রেফতারে আমাদের জোরদার অভিযান চলছে। আমরা আশা রাখি খুব দ্রুত আমরা তাদের গ্রেফতার করতে পারবো।