নেত্রকোনায় এজেআর কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, পণ্য সরবরাহে অবহেলা ও আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। বুকিং করা ৯টি সৌরবিদ্যুতের (সোলার) প্যানেল নির্ধারিত সময়ে সরবরাহ না করা এবং পরিবহনের সময় প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা।
ভুক্তভোগী মো. হারুনুর রশিদের অভিযোগ, তিনি গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার বংশাল এলাকার মালিটোলা এজেআর কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৬৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৯টি সৌরবিদ্যুতের প্যানেল বুকিং করেন। প্যানেলগুলোর আনুমানিক মূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। বুকিংয়ের সময় পরদিন ১৩ নভেম্বর নেত্রকোনা শাখা থেকে প্যানেলগুলো বুঝে পাওয়ার কথা জানানো হয়।
কিন্তু নির্ধারিত সময়ে পণ্য না পেয়ে ১৪ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে পরিবহনের সময় প্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় কুরিয়ার কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে নতুন প্যানেল সরবরাহের আশ্বাস দিলেও অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়েও তিনি প্যানেলগুলো বুঝে পাননি।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাননি। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার সম্পদের ক্ষতির পাশাপাশি সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে সেচকাজ পরিচালনা করতে না পারায় কৃষিকাজেও আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্যানেলের মূল্য ফেরত, নতুন প্যানেল সরবরাহ এবং কৃষকের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী। আবেদনে কুরিয়ার কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে গ্রাহক হয়রানি ও পণ্য পরিবহনে অব্যবস্থাপনার প্রতিবাদে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীর ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহক তাঁর ন্যায্য ক্ষতিপূরণ ফিরে পাবেন।