নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর এলাকার মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম (৩২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে যানবাহনে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রতিনিধি