নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন মাঠে মাঠে এখন বইছে আনন্দের সোনালী হাওয়া। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে পাকা আমন ধানের সমারোহ। চারদিকে কৃষকদের ব্যস্ততা, কাস্তে হাতে ধান কাটা আর পাকা ধানের মিষ্টি ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পুরো গ্রামীণ জনপদ।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটতে ও মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি থেকে ধান কাটছেন, কেউ মাথায় বা ভ্যানে করে তা বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ির উঠানে চলছে ধান ঝাড়ার উৎসব। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনালী ফসল ঘরে তুলতে। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে পরিচর্যা করায় ধানের বাম্পার ফলন হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর ধানের শীষ পুষ্ট ও দানাও বেশ ভারী হয়েছে। ক্ষেতের সোনালী ফসল দেখে তাদের বুকভরা আশা আর মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। মাঠের সোনালী ধান ঘরে তোলার এই আনন্দ ও কর্মব্যস্ততায় পত্নীতলার জনপদ এখন এক উৎসবমুখর রূপ নিয়েছে।