নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২৩ নভেম্বর (সোমবার) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবির একটি দল নওগাঁ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে, সদর উপজেলার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশে দুজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাইদুল (৩৪) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি চালানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। মাইদুলের বাড়ি নওগাঁর নামা নারসি ফকিরপাড়া গ্রামে এবং তার বাবার নাম আ. গনি।
এ সময় মাইদুলের সহযোগী হিসেবে ভবানী নগর গ্রামের ইয়াকুবের ছেলে হাসানকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।