শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালা এবং পকেটে টাকা থাকলে অনেক ধরনের প্রতিবেদন করানো সম্ভব। তিনি আরও দাবি করেন, সারাদেশের মানুষ এখন ‘সন্ত্রাসী’ বলতে আওয়ামী লীগকেই বোঝে। তিনি জানান, কূটনীতিকদের ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।