সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১০ কোটি ইউরোর বেশি সম্পদের মালিকদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন। শিশু যত্ন, আবাসন ও জনসেবা খাতে অর্থায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, আয়বৈষম্য কমে এলেও দেশের সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের ১০ শতাংশের বেশি রয়েছে। ২০১০ সাল থেকে তাদের সম্পদের অংশ ক্রমেই বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সানচেজের প্রস্তাব অনুযায়ী, ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপ করা হবে। এর মাধ্যমে শিশু লালন-পালন ভাতা, আবাসন এবং উন্নত জনসেবায় অর্থায়ন করা হবে বলে জানান তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববারের আগাম নির্বাচনকে সামনে রেখে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) সঙ্গে নিজেদের নীতিগত পার্থক্য তুলে ধরার চেষ্টা করছে। সানচেজের অভিযোগ, পিপি মূলত উচ্চবিত্ত ও ধনীদের কর কমানোর পক্ষে।

জরিপ অনুযায়ী, নির্বাচনে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে চরম ডানপন্থী ভক্স পার্টি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের বামপন্থী রাজনীতিবিদরাও সাম্প্রতিক সময়ে সম্পদবৈষম্য কমাতে ধনীদের ওপর কর আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ব্যবসায়ী গোষ্ঠীগুলো এ ধরনের করের বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত করের কারণে উদ্যোক্তারা দেশ ছাড়তে পারেন।

স্পেনে ২০২২ সাল থেকেই ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ওপর ‘সংহতি কর’ চালু রয়েছে। আঞ্চলিক সম্পদ করের পাশাপাশি ধনীদের জাতীয় তহবিলে অবদান নিশ্চিত করার লক্ষ্যেই ওই কর ব্যবস্থা চালু করা হয়েছিল। অন্যদিকে, পপুলার পার্টি মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েছে।