নড়াইল প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রেসক্লাব ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে।
সাংবাদিকদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ভবনের হলরুমে সাধারণ সভা চলছিল। হঠাৎ সভা চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবন লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সভায় উপস্থিত সাংবাদিকসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে এখনও কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে সকল বিষয় জানা যাবে।