নড়াইল সদর উপজেলায় চারদিন ধরে আটকে রেখে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার পর গতকাল দুপুরে ১ নম্বর আসামি সাব্বিরকে এবং মধ্যরাতে রাতে আরেকজন ৩ নম্বর আসামি নূরনবিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত ৪ নভেম্বর বিকেলে তিনি সদর উপজেলার নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় বাড়ির সামনের রাস্তায় গিয়ে বড় ভাইয়ের বন্ধু সাব্বিরকে ফোন করে নিজের সমস্যার কথা জানান তরুণী। পরে সাব্বির কৌশলে তরুণীকে একই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বন্ধু বিপ্লবের ফাকা বাড়িতে নিয়ে যান। সেখানে সেদিন রাতে ভয়ভীতি দেখিয়ে সাব্বির তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন (৫ নভেম্বর) রাতে সাব্বির ও বিপ্লব ওই তরুণীকে পাশের একটি গ্রামের আরেক বন্ধু নূরনবির বাড়িতে রেখে আসেন। অভিযোগ অনুযায়ী, সেদিন রাতে নূরনবিও তাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে নূরনবির বাড়ি থেকে আবার বিপ্লবের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আটকে রেখে ৬ নভেম্বর রাতে বিপ্লবও তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই তরুণী মুঠোফোনে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৭ নভেম্বর ভোরে অভিযুক্তরা তাকে একই উপজেলার অন্য একটি এলাকায় নিয়ে যান। সেখান থেকে ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। মামলার এক নম্বর আসামি সাব্বির ছিলেন তরুণীর বড় ভাইয়ের বন্ধু। সেই সুবাদে তরুণীদের বাড়িতে মাঝেমধ্যে বেড়াতে যেতেন সাব্বির গড়ে উঠেছিল পারিবারিক সুসম্পর্ক। সাব্বির মাঝেমধ্যে তরুণীকে ফোন করে ভালো-মন্দ খোজখবর নিতো। তরুণীও মাঝেমধ্যে তাকে ফোন করতেন। এ কারণেই সেদিন বাড়ি থেকে বের হয়ে নিজের সমস্যার কথা সাব্বিরকে জানিয়েছিলেন তরুণী।
এবিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।