নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর পিতার হত্যাকারী ছেলেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকালে ছেলেকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছেলে খায়রুল শেখ (২৬) উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত বৃদ্ধ আফসার শেখের ছেলে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলে খায়রুল পারিবারিক কলহের জেরে ধারালো বটি দিয়ে তার পিতা আফসার শেখলে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে আফসার শেখের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ঘটনাস্থলে আফসার শেখ মারা গেছে। খায়রুল মাদকাসক্ত ছিলেন প্রায় তার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালাতো এবং মাদকাসক্ত ও চুরির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে খায়রুল শেখ (২৫) কে গ্রেফতার করেন। পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করেন।
এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, খায়রুলকে গ্রেফতারের পর লোহাগড়া থানা হেফাজতে আনা হয়েছে৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান৷