নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি ও পুলিশের তালিকাভুক্ত আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নরসিংদী মডেল থানার মামলা নম্বর ০৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬-এর প্রধান আসামি আবু লাল (৪০)। তাকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আবু লাল। তাকে গ্রেপ্তারে নরসিংদীর বিভিন্ন এলাকা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সরাইল এবং ঢাকা মহানগরের ধানমন্ডি এলাকায় অভিযান চালানো হয়। তবে এসব অভিযানে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য এবং দেখানো মতে গত ২ অক্টোবর আবদুল্লাহ ওরফে বাবুকে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির সাব-ইন্সপেক্টর সাদেকুর রহমান ও সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আবু লাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে। একই মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে তাদের অভিযান চলবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।