আধুনিক যুগে বিয়ের আয়োজনে বিলাসবহুল বা ঘোড়ার গাড়ির প্রচলন থাকলেও ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী এক দৃশ্য দেখা গেল লাখাই উপজেলার পশ্চিম বুল্লা এলাকায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোনো পূর্বপরিকল্পিত আয়োজন ছাড়াই হঠাৎ পালকিতে চড়ে কনের বাড়িতে হাজির হন বর সামিম আহমেদ। মুহূর্তেই তা এলাকাবাসী ও অতিথিদের জন্য দারুণ চমক হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বুল্লার নয়াহাটির সালাউদ্দিন মিয়ার ছেলে সামিম আহমেদের সঙ্গে একই গ্রামের তালুকদার হাটির শেফাজুল মিয়ার মেয়ে চাঁদনী আক্তারের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়। বিয়ের দিন বরযাত্রী আসার ঠিক আগমুহূর্তে বর ও তাঁর পরিবার প্রচলিত যানবাহনের বদলে হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত স্থানীয়ভাবে একটি পালকির ব্যবস্থা করে বেহারাদের কাঁধে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন বর।
রাস্তায় হঠাৎ পালকি দেখে কৌতূহলী হয়ে ওঠেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা; অনেকেই মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। কনের বাড়িতে পৌঁছানোর পর বরকে হাসিমুখে বরণ করে নেওয়া হয়।
বর সামিম আহমেদ বলেন, “আমাদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পালকি জড়িয়ে আছে। হঠাৎ করেই মনে হলো, জীবনের বিশেষ দিনটি চিরচেনা ঐতিহ্যে রাঙিয়ে তুলি। কনে ও দুই পরিবারের সবাই বিষয়টি দারুণভাবে নিয়েছে।”
স্থানীয় সংবাদকর্মী মহসিন সাদেক বলেন, “হঠাৎ পালকি দেখে সাথে থাকা সন্তান ও ভাতিজাকে জিজ্ঞেস করায় তারা বলে, ছোট বাচ্চারা খেলার বাক্স বানিয়েছে। তখনই বুঝলাম, ঐতিহ্যবাহী পালকি নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত। সীমিত সামর্থ্যের মধ্যেও পুরোনো ঐতিহ্যকে ছুঁয়ে দেখার এই চেষ্টা শেকড়ের টান আর স্মৃতির মায়াই মনে করিয়ে দেয়।”
ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।