হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার শাহ মো. হুমায়ুন কবির হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।