পুলিশের পোশাকে দায়িত্ব পালন, অথচ হাতে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত মগ। একজন থানার অফিসার ইনচার্জের (ওসি) এমন কর্মকাণ্ড ঘিরে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে পুলিশের পোশাক পরিহিত এক কর্মকর্তাকে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত মগ একজন ব্যক্তির সঙ্গে আদান-প্রদানের দৃশ্যে দেখা যায়। এ ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় বহনকারী সামগ্রী উপহার দেওয়া বা বিতরণের সঙ্গে যুক্ত হতে পারেন।
ছবিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে পুলিশের পোশাক পরিহিত ওই কর্মকর্তা একজন ব্যক্তির হাতে একটি মগ তুলে দিচ্ছেন। মগটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি স্পষ্টভাবে দৃশ্যমান। এ ছাড়া ওই ব্যক্তির হাতে বিএনপির পরিচয়সংবলিত একটি ব্যাগও দেখা যায়।
বিষয়টি নিয়ে সচেতন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁদের প্রশ্ন, পুলিশ একটি রাষ্ট্রীয় ও পেশাদার প্রতিষ্ঠান। সেখানে কর্মরত একজন কর্মকর্তার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা হলো তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন না করে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ ধারায় সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ অবস্থায় একজন পুলিশ কর্মকর্তার হাতে রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সংবলিত সামগ্রী উপহার বা বিতরণের বিষয়টি কীভাবে দেখা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ছবিটি কোন প্রেক্ষাপটে তোলা হয়েছে, মগটি কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ভূমিকা কী এসব বিষয়ও পরিষ্কার হওয়া প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওসির বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
জনমনে এখন প্রশ্ন একজন ওসি কি রাজনৈতিক দলের পরিচয় বহনকারী সামগ্রী উপহার দিতে পারেন। তিনি কি পুলিশের নিরপেক্ষতার অবস্থানে রয়েছেন, নাকি তাঁর এমন কর্মকাণ্ড রাজনৈতিক সংশ্লিষ্টতার বিতর্ক তৈরি করছে।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে ছবির সত্যতা, ঘটনার প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।