জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সিও অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র রক্ষা এবং জাতীয় ঐক্য সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।