হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পিরোজপুরের এক আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদন্ড ও চার জনকে খালাস দিয়েছেন আদালত।
পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান সোমবার(২৩ নভেম্বর) দুপুরে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। এদের মধ্যে শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদন্ড বাকি দু’জনকে তিন বছর করে কারাদন্ড দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।