নওগাঁর রাণীনগরে মহিলা মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার ১১ জন ছাত্রীকে তাদের কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার আবাদপুকুর হাট সংলগ্ন আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব ও পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মিলাদের পাশাপাশি শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১১ জন ছাত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যয়নরত ছাত্রীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গঠনে মহিলা মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।