নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসনের আওতায় মালামালসহ মুদি দোকান প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সফিকুল ইসলাম নামে এক প্রতিবন্ধী ভিক্ষুককে স্বাবলম্বী করতে মালামালসহ একটি মুদি দোকান প্রদান করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করেন। তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।