মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত ‘পল্লীসেবা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে রাজনৈতিক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।