আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেছেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তোমাদেরই এগিয়ে আসতে হবে।”
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাঁদের পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই. কান এই ভবনের নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণার প্রয়োজনে এসব ঐতিহাসিক তথ্য ও নথি ব্যবহার করতে এখানে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত, মনোযোগী ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, বৃত্তি ও স্কলারশিপ অর্জনের উপযোগী যোগ্যতাও তৈরি করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মা-বাবা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আশাবাদ ব্যক্ত করে বলেন, তাঁদের অর্জনের স্বীকৃতিস্বরূপ নিজ হাতে সম্মাননা তুলে দিতে চান। এ জন্য শিক্ষার্থীদের নিষ্ঠা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামীর মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং তাঁদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে দেখতে পেরে তাঁরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।