নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে বাবা নিহত হয়েছেন এবং সঙ্গে থাকা তাঁর স্কুলছাত্রী মেয়ে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দুর্ঘটনাস্থলে রেখেই অবরোধ চলছিল। এতে প্রায় তিন ঘণ্টা ধরে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। অন্যদিকে, রংপুর ও দিনাজপুরগামী যানবাহনগুলো সৈয়দপুর শহরের ভেতর দিয়ে চলাচল করার চেষ্টা করায় পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৪০)। তিনি ওয়াপদা নতুনহাট দোলাপাড়ার মুকুল হোসেনের ছেলে এবং ঢেলাপীর বাজারের একজন সার ব্যবসায়ী। আহত স্কুলছাত্রী সুপ্তমনি (১০) নিহত আরিফের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় অপেক্ষমাণ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রুমা শহরের গোলাহাট নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা। তাঁর চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা 'সৌদিয়া এন্টারপ্রাইজ' নামের একটি গেটলক মিনিবাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসকে ওভারটেক করতে গিয়ে ভুল পাশ (রং সাইড) দিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও বিকেল ৫টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। ফলে রংপুর-দিনাজপুর এবং সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।