একটি সেতু শুধু নদী কিংবা খালের দুই পাড়কে যুক্ত করে না, যুক্ত করে মানুষের জীবন, জীবিকা এবং অর্থনৈতিক সম্ভাবনাকেও। দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ দূর করে একটি সেতু বদলে দিতে পারে একটি জনপদের চিত্র। নদী ও জলাভূমিবেষ্টিত ভৈরব-কুলিয়ারচরের মানুষের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ তেমনই নতুন আশার সঞ্চার করেছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের উদ্যোগ ও সুপারিশে পাঁচটি সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার বিষয়টি এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পাঁচটি সেতুর মধ্যে দুটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। বাকি তিনটি রয়েছে অনুমোদনের অপেক্ষায়।
ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় নদী, খাল ও জলাভূমির কারণে দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়ে যায়। কোথাও নৌকায় পারাপার, কোথাও দীর্ঘ বিকল্প পথ, আবার কোথাও ঝুঁকিপূর্ণ যাতায়াতই মানুষের একমাত্র ভরসা। ফলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা।
প্রস্তাবিত পাঁচটি সেতুর মধ্যে ভৈরব উপজেলায় রয়েছে তিনটি। ভোলাগাজীর বাজার-শিবপুর ইউনিয়ন পরিষদ ভায়া পানাউল্লারচর বধ্যভূমি সড়কে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই নদীর ওপর কালিকাপ্রসাদ চকবাজার জিসি-নারায়ণপুর জিসি সড়কের ভৈরব অংশে আরও ৩০০ মিটার দীর্ঘ একটি সেতুর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে মানিকদী চৌমুরি বাজার-সাদেকপুর ইউনিয়ন পরিষদ ভায়া তাতালচর ফেরিঘাট সড়কে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণের প্রস্তাব রয়েছে ৫০০ মিটার দীর্ঘ আরেকটি সেতুর।
কুলিয়ারচর উপজেলায় রয়েছে দুটি সেতুর পরিকল্পনা। দাড়িয়াকান্দি আরঅ্যান্ডএইচ-বেলাবো জিসি সড়কে গণকখালী খালের ওপর ৯০ মিটার দীর্ঘ একটি সেতু এবং ডুমরাকান্দা-বেলাব জিসি সড়কের সালুয়া কলেজ মোড়সংলগ্ন সালুয়া-আওয়ালিকান্দা খেয়াঘাটে ২৫০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
সেতুগুলো বাস্তবায়িত হলে দুই উপজেলার প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কৃষক সহজে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। এর সুফল ভোগ করবেন শুধু সেতুসংলগ্ন এলাকার মানুষ নন, আশপাশের বিস্তৃত জনপদের বাসিন্দারাও।
এ উদ্যোগে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের ভূমিকা ইতিবাচক। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখা একজন জনপ্রতিনিধির দায়িত্বেরই অংশ। তবে শুধু প্রস্তাব উত্থাপন কিংবা অনুমোদন পাওয়াই শেষ কথা নয়। প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে তাঁর ধারাবাহিক উদ্যোগ, প্রয়োজনীয় সমন্বয় ও তদারকি এখন গুরুত্বপূর্ণ।
ভৈরব ও কুলিয়ারচরের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নদী, খাল এবং যোগাযোগব্যবস্থার গভীর সম্পর্ক রয়েছে। তাই পাঁচটি সেতু নির্মাণের বিষয়টি কেবল অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গ্রামীণ জনপদকে মূল সড়ক যোগাযোগের সঙ্গে যুক্ত করা, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং মানুষের জীবনমান উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে নেওয়া উন্নয়ন উদ্যোগের মূল্যায়ন হওয়া উচিত কাজের ভিত্তিতে। প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের উদ্যোগে পাঁচটি সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে যাওয়া নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে মানুষের প্রত্যাশা, পরিকল্পনা ও অনুমোদনের পর্যায় পেরিয়ে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মুখ দেখবে। একই সঙ্গে নির্মাণকাজে স্বচ্ছতা, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করাও জরুরি।
ভৈরব ও কুলিয়ারচরের মানুষ এমন একটি যোগাযোগব্যবস্থা প্রত্যাশা করেন, যেখানে নদী কিংবা খাল আর চলাচলের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। কৃষক নির্বিঘ্নে বাজারে পণ্য নিতে পারবেন, শিক্ষার্থীরা সহজে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে এবং অসুস্থ মানুষ সময়মতো চিকিৎসাসেবা পাবে।
যথাযথ পরিকল্পনা, সময়মতো বাস্তবায়ন ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করা গেলে প্রস্তাবিত পাঁচটি সেতু ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নে সত্যিকার অর্থেই নতুন দিগন্ত উন্মোচন করবে। শেষ পর্যন্ত কোনো উন্নয়ন উদ্যোগের সার্থকতা নির্ধারিত হয় মানুষের জীবনে তার সুফল কতটা পৌঁছাল, তার ওপরই।