সামান্য জ্বর, সর্দি-কাশি কিংবা পেটে একটু ব্যথা, এই নিয়ে নাসিরনগরের কোনো প্রাইভেট ক্লিনিকে গেলেই যেন বিপদ। রোগী দেখার আগেই ধরিয়ে দেওয়া হয় লম্বা টেস্টের তালিকা। রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রে, আরও কত কী! রোগী বুঝে ওঠার আগেই হাতে ধরিয়ে দেওয়া হয় ৩ হাজার, ৫ হাজার, এমনকি ৮ হাজার টাকার বিল। আর এই নিয়েই এখন নাসিরনগর জুড়ে রোগীদের মধ্যে চরম ক্ষোভ, হতাশা আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চিকিৎসা মানে ছিল মানবসেবা। ডাক্তার মানে ছিল ভরসা, আস্থা, মায়া। এখন অনেক প্রাইভেট ক্লিনিকে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এখন চিকিৎসা হয়ে গেছে ব্যবসা, রোগী হয়ে গেছে কাস্টমার, আর প্রেসক্রিপশন হয়ে গেছে টাকার মেশিন।
স্থানীয়রা বলছেন, নাসিরনগর সদরসহ বিভিন্ন বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আর চেম্বার। কোনো কোনো ক্লিনিকে নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই প্রশিক্ষিত নার্স, নেই জরুরি চিকিৎসার ব্যবস্থা। তবুও বড় বড় সাইনবোর্ড, চকচকে লাইট আর দালালের মাধ্যমে রোগী টানার প্রতিযোগিতা চলছে দিনরাত।
ভুক্তভোগীরা জানান, সন্তানের একটু জ্বর হয়েছে, ক্লিনিকে নিয়ে গেলে প্রথমেই বলা হয়, আগে এই টেস্টগুলো করিয়ে আনেন, তারপর ডাক্তার দেখবেন। টেস্ট না করালে ডাক্তার দেখেন না, এমন অভিযোগও আছে।
এক রোগীর বাবা বলেন, আমার ছেলের সামান্য সর্দি-জ্বর, ডাক্তার দেখাতে গেলাম। আমাকে ধরিয়ে দিল বেশ কয়েকটি টেস্ট। টেস্ট করাতে লাগল ৪ হাজার ৫০০ টাকা। পরে দেখা গেল, সব রিপোর্ট স্বাভাবিক। শুধু একটা প্যারাসিটামল খেলেই জ্বর ভালো হয়ে গেছে। তাহলে এত টেস্ট কেন?
আরেক নারী বলেন, পেটে একটু ব্যথা নিয়ে গিয়েছিলাম। আমাকে আল্ট্রা, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষাসহ ৭টা টেস্ট দিল। আমি গরিব মানুষ, ধার করে টেস্ট করিয়েছি। পরে ডাক্তার বলল, গ্যাসের সমস্যা। এই গ্যাসের জন্য এত টেস্ট লাগে?
আরেকজন ক্ষুব্ধ হয়ে বলেন, ক্লিনিকে গেলে মনে হয়, আমরা রোগী না, আমরা টাকার গাছ। যত পারো কেটে নাও।
অভিযোগ আছে, নাসিরনগরের অনেক ক্লিনিকে দালাল চক্র সক্রিয়। হাসপাতালের গেটে, বাজারে, রাস্তার মোড়ে দালালরা ওঁৎ পেতে থাকে। গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের ভুল বুঝিয়ে নিয়ে যায় নির্দিষ্ট ক্লিনিকে। সেখানে টেস্ট করালে দালাল পায় কমিশন, আর ক্লিনিক পায় মোটা অঙ্কের টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, কোনো কোনো ক্লিনিকে ডাক্তারকে টেস্টের উপর কমিশন দেওয়া হয়। যত বেশি টেস্ট, তত বেশি কমিশন। তাই অপ্রয়োজনীয় টেস্টও লেখা হয়।
গরিব রোগীরা সবচেয়ে বেশি অসহায় নাসিরনগর উপজেলার বেশিরভাগ মানুষ কৃষক, দিনমজুর, প্রবাসীর পরিবার। তাদের জন্য ৫০০ টাকাই অনেক বড় টাকা। সেখানে ৩-৫ হাজার টাকার টেস্টের বোঝা তাদের কাঁধে যেন পাহাড়ের মতো চেপে বসে। অনেকেই ধার করে, সুদে টাকা নিয়ে, গরু-ছাগল বিক্রি করে চিকিৎসা করাচ্ছেন।
এক দিনমজুর বলেন, দিনে ৫০০ টাকা রোজগার করি। ছেলের জ্বরে ক্লিনিকে গিয়ে ৩ হাজার টাকা খরচ হয়ে গেল। এখন ঘরে চাল কেনার টাকা নেই।
প্রশ্ন উঠতে পারে, তাহলে মানুষ সরকারি হাসপাতালে যান না কেন? রোগীরা বলেন, সরকারি হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, দীর্ঘ লাইন, অবহেলা। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। আর সেই সুযোগটাই নিচ্ছে এক শ্রেণির অসাধু ক্লিনিক মালিকরা।
নাসিরনগরের সচেতন নাগরিক, শিক্ষক, সাংবাদিক আর জনপ্রতিনিধিরা বলছেন, এখনই এই অনিয়মের লাগাম টানতে হবে। অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করতে হবে, টেস্টের মূল্য তালিকা প্রকাশ্যে টাঙাতে হবে, দালাল চক্র ভাঙতে হবে, আর নিয়মিত তদারকি করতে হবে।
তাদের দাবি, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ আর সিভিল সার্জন অফিস থেকে নিয়মিত অভিযান চালানো হোক। কোন ক্লিনিকে বৈধ লাইসেন্স আছে, কোনটায় নেই, কোথায় ভুয়া ডাক্তার বসে, তা খতিয়ে দেখা হোক। রোগীদের সচেতন করতে প্রচারণা চালানো হোক, যাতে সামান্য জ্বর-সর্দিতে আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় টেস্ট না করান।
একজন সচেতন নাগরিক বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিয়ে ব্যবসা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডাক্তারি একটা মহৎ পেশা। এই পেশাকে যারা কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নাসিরনগরের সাধারণ মানুষ এখন চায়, ক্লিনিকগুলোতে সেবার মান ফিরে আসুক, ডাক্তারের প্রতি আস্থা ফিরে আসুক, আর গরিব রোগীরা যেন ভয়ে নয়, ভরসা নিয়ে চিকিৎসা নিতে পারেন।