শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে সেই মেরুদণ্ডই আজ ভেঙে পড়তে বসেছে নাসিরনগরে।
উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি আজ শিক্ষক সংকটের করাল গ্রাসে নিমজ্জিত। পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বিপর্যস্ত, স্থবির ও অচল হয়ে পড়েছে। শ্রেণিকক্ষ আছে, আসন আছে, পাঠ্যপুস্তক আছে — কিন্তু নেই পাঠদানের প্রাণপুরুষ, নেই জ্ঞানের আলোকবর্তিকা হাতে দাঁড়িয়ে থাকা শিক্ষক।
প্রতিদিন প্রভাতে শত শত কোমলমতি ছাত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পদার্পণ করে একরাশ স্বপ্ন বুকে নিয়ে। অথচ ঘণ্টার পর ঘণ্টা শ্রেণিকক্ষে নীরবে বসে থেকেও তারা শিক্ষকের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়। তাদের কোমল মুখমণ্ডলে ফুটে ওঠে হতাশার ছাপ, হৃদয়ে জমা হয় ক্ষোভ আর দীর্ঘশ্বাস।
পরিসংখ্যানই বলে দিচ্ছে সংকটের ভয়াবহতা। ২৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ৮ জন শিক্ষক। ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে দীর্ঘকাল ধরে কোনো স্থায়ী শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোমতে চলছে সরকারি প্রতিষ্ঠানের পাঠদান — যা একাধারে লজ্জাজনক ও দুঃখজনক।
ফলশ্রুতিতে শিক্ষার মান নিম্নমুখী, ফলাফল হতাশাব্যঞ্জক এবং শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। অভিভাবকরা আজ উদ্বিগ্ন, শিক্ষার্থীরা দিশেহারা, আর এলাকাবাসী ক্ষুব্ধ।
এই অচলাবস্থা কবে কাটবে? কবে ফিরবে বিদ্যালয়ে প্রাণচাঞ্চল্য? কবে মেয়েরা পাবে তাদের ন্যায্য শিক্ষার অধিকার? — এমন অসংখ্য প্রশ্ন আজ নাসিরনগরের আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে।
জ্বি বলছি; ব্রাহ্মণবাড়িয়া জেলার
নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হচ্ছে না, ব্যাহত হচ্ছে পাঠদান। দিনের পর দিন ক্লাসে বসে থেকেও শিক্ষক না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছে কোমলমতি শিক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ে মাত্র ৮ জন শিক্ষক ছিলেন।
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শিক্ষকের পদ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। সে সময় শিক্ষার্থী ছিল ১০০ জনেরও কম। সুবিশাল বহুতল ভবনের সমন্বয়ে
নির্মিত বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২১৬ জন যা অত্যন্ত হতাশাব্যাঞ্জক।
বর্তমানে বিদ্যালয়ে সুবিশাল আধুনিকতার ছোঁয়ায় নির্মিত ৩ টি বহুতল ভবন রয়েছে। পুর্ব দিকে ৬ তলা সুবিশাল বহুতল ভবনে ২২ কক্ষ, দক্ষিণ দিকে ৩ তলা ভবনে ৯টি কক্ষ, উত্তর দিকে ২ তলা ভবনে ৫টি কক্ষ রয়েছে। এরইমধ্যে শ্রেণি কক্ষ রয়েছে ১৯ টি।
বিদ্যালয়ে মোট ২১৬ জন শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী রয়েছে ৫৩ জন,সপ্তম শ্রেণিতে ৬১ জন, অষ্টম শ্রেণিতে ৩৪ জন নবম শ্রেণিতে ৩৫ জন এবং দশম শ্রেণিতে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক সংকটের চিত্রটা কতটা ভয়াবহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজেই অষ্টম শ্রেণির ক্লাস নিচ্ছেন। অন্যদিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা টানা দুই ঘণ্টা শ্রেণিকক্ষে বসে থাকলেও কোনো শিক্ষক ক্লাস নিতে আসেননি। শুধু প্রধান শিক্ষক এসে হাজিরা নিয়ে চলে গেছেন।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মমতা আক্তার জানায়, "প্রথম ক্লাস ছিল বাংলা, কিন্তু কোনো শিক্ষক আসেননি। শুধু প্রধান শিক্ষক হাজিরা নিয়েছেন। দ্বিতীয় ক্লাস ছিল গণিত, ইয়ার খান স্যারের নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি ক্লাসে আসেননি।”
দশম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার বলেন, _“বিদ্যালয়ে শিক্ষকের চরম সংকট। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ইংরেজি ও বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই বিষয়ের কোনো শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষক ছাড়া আমাদের পাঠদান সম্ভব নয়।”
২০১২ সালের পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদসহ মোট ২৭টি শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৪ জন। তার মধ্যে আবার একজন শিক্ষক প্রশিক্ষণে রয়েছেন।
বর্তমানে কর্মরতরা হলেন — ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তালেব আলী, বাংলা বিষয়ের শিক্ষক আতিকুর রহমান, কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষাক মোঃ আলমগীর মিয়া, গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ ইয়ার খান ও ভূগোল বিষয়ের শিক্ষক মোহাম্মদ ফিরোজ আলম মামুন। ভূগোলের শিক্ষক বর্তমানে বিএড প্রশিক্ষণে থাকায় ডিসেম্বরে তাঁর প্রশিক্ষণ শেষ হবে।
দীর্ঘ বছর ধরে বিদ্যালয়ে ইংরেজি ও বিজ্ঞান বিভাগের কোনো স্থায়ী শিক্ষক নেই। এই শূন্যতা পূরণ করতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ৪ জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। তারা হলেন — জীববিজ্ঞানের জেসিয়া আক্তার, অর্থনীতি বিষয়ে হানিয়া ফেরদৌস, বাংলা বিষয়ে পলাশ কর্মকার ও ইংরেজি বিষয়ে খায়রুল ইসলাম। বিদ্যালয়ের পাঠদানের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ খণ্ডকালীন ৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন।
শিক্ষার্থীদের কাছ থেকে অত্যাবশ্যকীয় ফি হিসেবে ৪০ টাকা করে আদায় করে এবং বিদ্যালয়ের অন্যান্য খরচ থেকে এই খণ্ডকালীন শিক্ষকদের ও নিরাপত্তা প্রহরীর বেতন দেওয়া হয়।
উপজেলা সদরে রয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮০০ জন। অথচ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। কারণ, শিক্ষক না থাকায় অভিভাবকরা তাদের মেয়েদের এখানে ভর্তি করাতে চাইছেন না।
এর প্রভাব পড়েছে ফলাফলেও। ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিগত ১৫ বছরে এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে মাত্র ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ জন।
এর আগে-পরে আর কেউ জিপিএ-৫ পায়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাহের আলী বলেন, “আমি এক বছর হয়েছে এখানে যোগদান করেছি। এখানে চরম শিক্ষক সংকট।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগত করানো হয়েছে। এর ফলে ফলাফলও খারাপ হচ্ছে।”_
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, _“যেখানে শিক্ষক কম, সেখানে শিক্ষার্থী ভর্তি হতে চাইছে না। আমরা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি।"
অভিভাবক ও স্থানীয়রা বলছেন, উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি এভাবে চলতে থাকলে মেয়েদের শিক্ষা হুমকির মুখে পড়বে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
তাদের প্রশ্ন — সরকারি বিদ্যালয় হয়েও কেন এখানে ইংরেজি-বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক থাকবে না? কেন খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলবে সরকারি প্রতিষ্ঠান?
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।