নিরাপত্তা সতর্কতার কথা উল্লেখ করে কোস্টারিকা সরকার প্রবেশের অনুমতি না দেওয়ার পর মেক্সিকোয় পৌঁছেছেন জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ। শনিবার মেক্সিকো পৌঁছে কোস্টারিকায় তাকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর ‘চাপের’ সমালোচনা করেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজা ও অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আসছেন আলবানিজ। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার ‘মিথ্যা’ অভিযোগ তুলে তাকে কোস্টারিকায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টা বিমানবন্দরের একটি হোটেলে থাকার সুযোগ পান তিনি। প্রায় দেড় দিন পর শনিবার ভোরে বিমানবন্দর থেকে বের হয়ে মেক্সিকোর উদ্দেশে রওনা হন আলবানিজ।
মেক্সিকো সিটির বিমানবন্দরে ফিলিস্তিনপন্থী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এ অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর চাপ অত্যন্ত জোরালোভাবে অনুভূত হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ অভিযোগ করেন, আদালত তাকে বিমানবন্দর থেকে বের হয়ে হোটেলে যাওয়ার অনুমতি দিলেও অভিবাসন পুলিশ তাকে যেতে দিচ্ছিল না। এ অবস্থায় তিনি প্রশ্ন তোলেন, তাকে আটক রাখা হয়েছে কি না। পরে বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
কোস্টারিকা সরকার দাবি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে আলবানিজের বিরুদ্ধে একটি ‘আন্তর্জাতিক সতর্কতা’ রয়েছে। এ কারণেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।তবে আলবানিজ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কোস্টারিকা সরকার তার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এতে তিনি ‘গভীরভাবে ক্ষুব্ধ’ বলেও মন্তব্য করেন।
কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়। আইনের শাসনের নীতি অনুযায়ী এসব অভিযোগের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক কোস্টারিকা সরকারকে আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রীও আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কোস্টারিকার কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করার কথা জানিয়েছেন।
কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে, গাজা নিয়ে ওয়াশিংটনের নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্রও আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলবানিজ। ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ তাকে এ দায়িত্ব দেয়। তবে বিশেষ প্রতিবেদকদের বক্তব্য জাতিসংঘের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচিত হয় না।