বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে টানা দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ রাত পর্যন্ত চলে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর থেকেই মধুমতি সেতু এলাকায় মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
সংঘর্ষ চলাকালে মধুমতি সেতুর বাগেরহাট প্রান্তে অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা রুমান মোল্লা (৩৫) রয়েছেন। তিনি মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে। তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে মোংলা-মাওয়া মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পুলিশি প্রহরায় মধুমতি সেতুর ওপর দিয়ে পুনরায় যান চলাচল শুরু হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মধুমতি সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশি নিরাপত্তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ মোংলা-মাওয়া মহাসড়কের মধুমতি সেতু এলাকায় এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।