মিয়ানমারে শনিবার সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চালানো বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হন। একই দিনে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও দুটি স্থানে হামলায় কয়েকজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, মোয়ে বাইয়ে সংঘাতের কারণে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে অন্তত ১৭টি মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় একটি সহায়তা সংস্থার প্রধান ২১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে বলে তিনি জানান। আহত হয়েছেন ৪০ জনের বেশি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় দফায়ও বোমা হামলা চালানো হয়। হামলার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। এদিকে শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারেও বিমান হামলা চালানো হয়। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদানকারী সংস্থার প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় নয়জন নিহত হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।
৬২ বছর বয়সী হ্লা থান অং জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তার ১৭ বছর বয়সী মেয়েকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধ মঠে বিমান, গোলা ও ড্রোন হামলার ঘটনা ঘটে। নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, ওই হামলায় ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক এবং নয়জন জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন। তবে সামরিক বাহিনীর সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, পিডিএফ সদস্যদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।
মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের পর দেশটিতে সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও সম্পত্তি ধ্বংসের অভিযোগের প্রেক্ষাপটে মামলাটি করা হয়েছিল।
মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে শনিবারের হামলাগুলো নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশটির বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে।