সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কোনো নাটক বা সিরিয়ালের একটি চরিত্র কীভাবে দেশের সীমানা পেরিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারে, পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রটি তারই উদাহরণ। সিরিয়ালটির গল্পের পাশাপাশি সম্পর্কের প্রতি সংবেদনশীলতা, ধৈর্য, সম্মান ও যত্নশীল আচরণের কারণে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চরিত্রটি।

পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে গত ১ আগস্ট থেকে প্রচার শুরু হয় ‘দার-এ-নিজাত’। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটির বিভিন্ন দৃশ্য ও ক্লিপ নিয়ে চলছে আলোচনা। উমেরা আহমেদের চিত্রনাট্যে, সাকিব খানের পরিচালনায় এবং থ্রিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিরিয়ালটির জনপ্রিয়তা পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে ভারত, বাংলাদেশ, দুবাই ও মালদ্বীপের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

প্রেম, ধর্মীয় বিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক জটিলতা ও বিশ্বাসঘাতকতাকে ঘিরে এগিয়েছে সিরিয়ালটির গল্প। এর প্রধান চরিত্র জারিয়াব, জামিল ও আবু বকরকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হলেও শেহরিয়ার মুনাওয়ার অভিনীত আবু বকর চরিত্রটিই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

গল্পে জারিয়াবের শৈশবের বন্ধু জামিল। তাকে ভালোবেসে নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেন জারিয়াব। কিন্তু একপর্যায়ে জামিল ধর্মীয় অনুশাসনের নামে জারিয়াবের পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তুলতে শুরু করেন এবং শেষ পর্যন্ত অন্য একজনকে বিয়ে করেন।

পরবর্তী সময়ে আবু বকরের সঙ্গে জারিয়াবের বিয়ে হয়। তবে অতীতের হতাশা ও মানসিক ক্ষত সহজে কাটিয়ে উঠতে পারেন না তিনি। নতুন জীবনেও কখনো রাগ করেন, কখনো কষ্ট দিয়ে কথা বলেন। কিন্তু আবু বকর প্রতিশোধ বা পাল্টা ক্ষোভের পথ বেছে না নিয়ে তার মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করেন।

জারিয়াবের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন যেন থেমে না যায়, সেজন্য তাকে হার্ভার্ডে ফিরে যেতে উৎসাহ দেন আবু বকর। বিভিন্ন দুশ্চিন্তার মুহূর্তেও তার পাশে থাকার মধ্য দিয়ে চরিত্রটি দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। আবু বকর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শেহরিয়ার মুনাওয়ারের সংযত অভিনয়ও প্রশংসা পাচ্ছে। উচ্চকণ্ঠ সংলাপ বা অতিরিক্ত নাটকীয়তার পরিবর্তে চোখের ভাষা, মৃদু হাসি ও স্বাভাবিক অভিব্যক্তির মাধ্যমে চরিত্রটির আবেগ ফুটিয়ে তুলেছেন তিনি।

স্ত্রীর জন্য বাড়তি একটি টফি নিয়ে আসা, রাগের সময় ছুড়ে ফেলা ফোন তুলে দেওয়া, জুতা গুছিয়ে রাখা, সাজপোশাকের প্রশংসা করা কিংবা কানে দুল পরিয়ে দেওয়ার মতো ছোট ছোট আচরণে আবু বকরের যত্নশীল দিকটি ফুটে উঠেছে। নিজের ভুল বুঝতে পারলে অহংকার না করে ক্ষমা চাওয়ার দৃশ্যও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

সম্পর্কের টানাপোড়েনে অনেক সময় নারীকেই সঙ্গীর রাগ-অভিমান সামলে চলতে এবং নিজের চাওয়া-পাওয়াকে পেছনে রাখতে দেখা যায়। এর বিপরীতে আবু বকর চরিত্রে ভালোবাসার সঙ্গে সম্মান, যত্নের সঙ্গে বোঝাপড়া এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক স্বাধীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

স্ত্রীর অতীত নিয়ে অযথা প্রশ্ন না তোলা, কঠিন সময়ে পাশে থাকা এবং ছোট ছোট বিষয়ে যত্নশীল হওয়ার মতো গুণগুলোই দর্শকদের কাছে আবু বকরকে আলাদা করে তুলেছে। ভাষা ও সংস্কৃতির পার্থক্য থাকলেও ভালোবাসা, সম্মান ও মানসিক নিরাপত্তার আকাঙ্ক্ষা যে সর্বজনীন—‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রের জনপ্রিয়তা যেন তারই প্রতিফলন।