অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে জানিয়ে দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো জবাব জমা দেননি।

এতে আরও বলা হয়, তানজিন তিশার জবাব না দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী সময়ে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তানজিন তিশাকে অবহিত করা হয়েছে।