চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আবুধাবিতে আলোচনায় অংশ নিতে রুশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কির নেতৃত্বে প্রতিনিধিদলটি আলোচনায় অংশ নেবে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি ছাড়াও ইগর কস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন। আবুধাবিতে আলোচনা দুই দিন ধরে চলবে।
এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
ক্রেমলিনও আলোচনায় রুশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
তিন দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।