বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে কোরীয় বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব পায়। বাণিজ্যমন্ত্রী কোরীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকার ভিত্তিতে নিরসনের আশ্বাস দেন।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০টি কোরীয় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় গবেষণাসামগ্রী ও নমুনা আমদানি, আমদানি পারমিট ছাড়করণ এবং শুল্কসংক্রান্ত জটিলতা দূর করার অনুরোধ জানান তিনি।

এসব সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম অনলাইন ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোরীয় বিনিয়োগকারীদের নীতিগত সমস্যার সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজনের কথাও জানান তিনি।

বৈঠকে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ খাতে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে একটি বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। এতে ইতিবাচক সাড়া দিয়ে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এ ছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করা এবং এলএনজি সরবরাহসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।