২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সিফাত হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০-এর সেনপাড়া এলাকায় এমএস পাওয়ারের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওই সময় পুলিশের গুলিতে সিফাত হোসেন (২৬) নিহত হন। রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাহউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান। তবে দুই আসামি জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়ার সুপারিশে অসন্তোষ প্রকাশ করেন সিফাতের বাবা।
এরপর গত ১ সেপ্টেম্বর পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যই এবার ১৪ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।