যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার বহুমুখী অংশীদারিত্ব জোরদার, নারী ও কন্যাশিশুদের কল্যাণ ও ক্ষমতায়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস প্রিন্সেস সোফি। আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তাঁর এই ঐতিহাসিক সফর অব্যাহত থাকবে।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
রাজধানী ঢাকায় অবস্থানকালে এডিনবার্গের ডাচেস বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং সর্বাত্মক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সফরের দ্বিতীয় অংশে ডাচেস গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদান সম্পর্কে জানার পাশাপাশি বিশ্বশান্তি রক্ষায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন তিনি।
এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের সময় তিনি নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর (হীরক জয়ন্তী) পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও ডাচেস তরুণ প্রজন্মের মুখোমুখি হবেন।
ঢাকায় ব্যস্ত সফর শেষে ডাচেস কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যাবেন। সেখানে জাতিসংঘের মানবিক সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের স্থানীয় উদ্ধার ও সহায়তা কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং তাদের নেতৃত্ব বিকাশের বিভিন্ন উদ্যোগ মূল্যায়ন করবেন তিনি।